জনদুর্ভোগ নিরসনে বড়লেখায় সহকারী কমিশনারের সঙ্গে নিসচার মতবিনিময়
- আপডেট সময় : ০৩:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 113
মৌলভীবাজারের বড়লেখায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং নাগরিক ভোগান্তি কমাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বড়লেখা উপজেলা শাখা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বড়লেখা পৌর শহরের বিভিন্ন নাগরিক সমস্যা ও সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় সড়ক নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, অবৈধ ফুটপাত দখলমুক্তকরণ, যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ, ময়লা-আবর্জনা অপসারণের জন্য নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপন, ইজিবাইকের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ, পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানের সামনে নতুন করে জেব্রা ক্রসিং স্থাপনের দাবি তুলে ধরেন নিসচার নেতৃবৃন্দ। একই সঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় নিসচার নেতারা বড়লেখা পৌর শহরের চলমান সড়ক ব্যবস্থাপনা, যান চলাচলের প্রতিবন্ধকতা এবং বিভিন্ন নাগরিক দুর্ভোগের বিষয়গুলো সহকারী কমিশনারের কাছে তুলে ধরেন। উপজেলা সহকারী কমিশনার নাঈমা নাদিয়া বিষয়গুলো মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কার্যক্রম প্রশংসনীয়। জনস্বার্থে পরিচালিত এ ধরনের উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য নিসচার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাবেক সহ-সভাপতি ও পৃষ্ঠপোষক আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, প্রবীন্স সুচিয়াংসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।






















