প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি অলিম্পিয়াড শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৪:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 96
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। রবিবার (১২ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও প্রতিনিধিদলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য দেশের জন্য গর্বের বিষয়। নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্প, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর তিনি আরও নতুন নতুন উদ্ভাবন ও গবেষণায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
প্রতিনিধিদল আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলে তিনি দলের সর্বাত্মক সাফল্য কামনা করেন। একই সঙ্গে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী তিন শিক্ষার্থী- হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেন। এছাড়া দলের অন্যান্য সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম এবং মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী তরুণদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মেধাবী তরুণদের হাত ধরেই প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে।
এ সময় প্রতিনিধিদল বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহের কথা জানালে প্রধানমন্ত্রী এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাতে প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন রাজু, বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস।
এ ছাড়া প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।


























