বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ও জরিমানা
- আপডেট সময় : ১০:২০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 110
মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের দায়ে মতিউর রহমান (২১) নামে এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় তার কাছে থাকা ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাকালুকি কানুনগো বাজারে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজলের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয় এমন সংবাদের ভিত্তিতে উপজেলার হাকালুকি কানুনগো বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারার লঙ্ঘনের অপরাধে হবিগঞ্জের বাহুবল উপজেলার ইজ্জতপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মতিউর রহমান এর বিরুদ্ধে ১ টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়। এবং বিক্রয়ের জন্য তার কাছে থাকা ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ করে বিধি মোতাবেক মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্যেশ্যে পিরানহা মাছ ও মাছের পোনা ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ বলে উপস্থিত জনগণকে জানান এবং এ মাছ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট আইনের বিধানসমূহ সম্পর্কে অবহিত করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ষাটমাকণ্ঠ /আশফাক






















