ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্বে দূর্জয়-মোস্তাকিম
- আপডেট সময় : ০৫:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 46
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দূর্জয় রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত।
সংগঠনটির ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে দুটি পদ শূন্য রেখে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নবগঠিত কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মধুসূদন কর্মকার, অর্থী আনজুম, ফাতিন ইশরাক ও সাব্বির হোসেন। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান অনু, ফাহিম ইনতিসার তাসীন এবং জোবায়ের ইবনে ইমাম।
এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সীমান্ত রঞ্জন চাকমা, দপ্তর সম্পাদক হয়েছেন মৃধা রাইয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন ফাইজা ফাইরুজ রিমঝিম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন আনিয়া খান।
গত বৃহস্পতিবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় আয়োজিত উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ আনু মুহাম্মদ।
সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার এবং বিদায়ী সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মেঘমল্লার বসু।

























