কমলগঞ্জে বজ্রপাতে একজন চা-শ্রমিকের মৃত্যু, আহত পাঁচ
- আপডেট সময় : ০১:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 44
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজন চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রহিমপুর দেওড়াছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয় ও বাগান সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি ও বজ্রপাতের সময় স্বপন মুন্ডা (২৩) চা বাগানে রাবার কস সংগ্রহ করছিলেন। হঠাৎ বজ্রপাতের তিনি ঘটনাস্থলেই মারা যান।
রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিতাংশু কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাগানে রাবারের কস সংগ্রহের সময় বজ্রপাতে মুত্যু হয় তার।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে উপজেলার কুরমা চা-বাগানে আজ শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার কুরমা চা-বাগানে বজ্রপাতে পাঁচ নারী চা-শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- পরি বুনার্জী (৪৫), আলমিনা মিন্ডা (৫০), প্রতিমা পাল (৪৮), মুক্তা বাউরি (৩২) ও রুজিনা নাহার (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কুরমা চা-বাগানে অন্যান্য দিনের মতো শ্রমিকরা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে পাঁচ নারী শ্রমিক আহত হন। পরে সহকর্মী ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের মধ্যে রুজিনা নাহারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। অন্য চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে রেফার করা হয়েছে।


























