রোগীবান্ধব হাসপাতাল গড়ার অঙ্গীকার এমপি মিঠুর
- আপডেট সময় : ০৩:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 55
মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু শপথ গ্রহণের পর নিজ এলাকায় প্রথম সরকারি কার্যক্রম হিসেবে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সোমবার (২৩ ফ্রেব্রুয়ারি) বিকেলে তিনি হাসপাতাল ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল সংকট দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও সেবার মান উন্নয়ন এখন সবচেয়ে জরুরি। একজন রোগী যেন চিকিৎসক ও নার্সদের আচরণে আস্থা পান এবং সুস্থ হয়ে সন্তুষ্ট মনে বাড়ি ফিরতে পারেন সেই লক্ষ্যেই কাজ করতে হবে। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারকে দ্রুত দুইজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরিদর্শনের অংশ হিসেবে এমপি মিঠু বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে চিকিৎসা ও সেবার বাস্তব চিত্র সম্পর্কে খোঁজখবর নেন। অনেক রোগীর শয্যার পাশে দাঁড়িয়ে তিনি মনোযোগ দিয়ে অভিযোগ ও অভিজ্ঞতার কথা শোনেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হাছানের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম এবং থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, গাইনি বিশেষজ্ঞ ডা. প্রিয়াংকা ভট্টাচার্য্য, মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডা. রামেন্দ্র সিংহ, নার্সিং সুপারভাইজার প্রতিভা মন্ডল, প্রধান সহকারী মো. সেলিম রেজা, পরিসংখ্যানবিদ সুমন দাশসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় ডা. ফেরদৌস আক্তার বলেন, সংসদ সদস্যের এই পরিদর্শন স্বাস্থ্য বিভাগের জন্য উৎসাহব্যঞ্জক। দীর্ঘদিন ধরে জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যে সেবা দিতে হচ্ছে। বিষয়গুলো খোলামেলাভাবে তুলে ধরা হয়েছে এবং তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। তাঁর উদ্যোগে বড়লেখার স্বাস্থ্যসেবায় বাস্তব পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।
সবশেষে এমপি মিঠু সুন্দর বাংলাদেশ গঠনের পাশাপাশি একটি উন্নত ও মানবিক বড়লেখা উপজেলা গড়তে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
ষাটমাকন্ঠ/রুমেল





















