সারাদেশে নিসচার ১২০ টি শাখার মধ্যে ক্যাটাগরিতে
নিসচা বড়লেখা উপজেলা শাখা সেরা সংগঠন হিসেবে ‘এ’ ক্যাটাগরিতে সম্মানিত
- আপডেট সময় : ০৩:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 163
জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ১০ম প্রতিনিধি সম্মেলনে সেরা সংগঠন মূল্যায়ন তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে স্থান অর্জন করায় নিসচা বড়লেখা উপজেলা শাখাকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ঢাকায় আয়োজিত প্রতিনিধি সম্মেলনে নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রতিনিধিদের হাতে এ সম্মাননা সার্টিফিকেট তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। তিনি নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পুত্র।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বলেন, এই সম্মাননা শুধুমাত্র একটি সংগঠনের নয়, বরং পুরো বড়লেখাবাসীর। নিসচা বড়লেখা শাখার প্রতিটি কর্মীর সম্মিলিত শ্রম ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই আমরা এ সম্মাননাকে দেখি। এটি আমাদের জন্য কেবল একটি অর্জন নয়, বরং নিরাপদ সড়ক বাস্তবায়নের আন্দোলনে আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার শক্ত প্রেরণা।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন জোরদারে নিসচা বড়লেখা উপজেলা শাখা নিরলসভাবে কাজ করে যাবে।
উল্লেখ্য, একই প্রতিনিধি সম্মেলনে সড়ক দুর্ঘটনারোধে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন সড়ক যোদ্ধা সম্মাননায় ভূষিত হন।
তাহমীদ ইশাদ রিপন ২০১৬ সালে নিসচা সিলেট জেলা শাখার সদস্য হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত হন। তার উদ্যোগ ও কেন্দ্রীয় নির্দেশনায় ২০১৮ সালে নিসচা বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়। পরবর্তীতে ২০১৯ সালে তিনি সভাপতি হিসেবে মনোনীত হন। সাংগঠনিক দক্ষতা ও কার্যকর নেতৃত্বের কারণে ২০২৩ সালে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন তাকে কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করেন। তার নেতৃত্বে নিসচা বড়লেখা উপজেলা শাখা ২০২২ ও ২০২৪ সালে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য টানা দুইবার জাতীয় পুরস্কার অর্জন করে। পাশাপাশি সাহসী ও নিঃস্বার্থ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে গত বছর সংগঠনটি জাহানারা কাঞ্চন স্মৃতিপদকসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় প্রতিষ্ঠানের সম্মাননা লাভ করে। দীর্ঘদিন ধরে গণমাধ্যমকর্মী হিসেবে দায়িত্ব পালনকারী তাহমীদ ইশাদ রিপন নিসচায় যুক্ত হওয়ার আগেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য, ক্রীড়া, রিপোর্টার্স ক্লাব ও মানবাধিকার সংগঠনে সক্রিয়ভাবে কাজ করেছেন। সম্মাননা গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘ ১০ বছর ধরে সড়কের মড়ক থেকে মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। এখনো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। সড়ক দুর্ঘটনা রোধে এই আন্দোলনকে আরও বেগবান করতে হবে। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এই সম্মাননা আমাকে আগামী দিনের জন্য আরও অনুপ্রেরণা দেবে।
ষাটমা/এমরান






















