১ অক্টোবর থেকে ভারত ভ্রমণে নতুন নিয়ম
- আপডেট সময় : ০৭:২৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 222
আগামী ১ অক্টোবর থেকে ভারত ভ্রমণে বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এই তারিখ থেকে ভারতে প্রবেশকারী প্রত্যেক বিদেশি যাত্রীর জন্য ডিজিটাল ডিসেমবার্কেশন (DE) কার্ড বা ই-অ্যারাইভাল কার্ড পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। ভারত সরকার ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করতে এই উদ্যোগ নিয়েছে।
নতুন নিয়ম ও কার্যকারিতা
১ অক্টোবর (বুধবার) থেকে এই নিয়ম চালু হচ্ছে। এখন থেকে ভারত ভ্রমণে আসা বিদেশি যাত্রীদের আর হাতে লেখা কাগজে আগমন (Disembarkation) সম্পর্কিত কার্ড পূরণ করতে হবে না। এর পরিবর্তে যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইনে এই ডিজিটাল কার্ড পূরণ করে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে ভিড় ও বিলম্ব কমবে।
কারা পূরণ করবেন: শুধুমাত্র বিদেশি ভ্রমণকারীদের জন্যই এই নিয়ম কার্যকর করা হয়েছে। ভারতের নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওআইসি) কার্ডধারীদের এই কার্ড পূরণ করতে হবে না।
ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড পূরণের মাধ্যম
এই ডিজিটাল কার্ড পূরণের জন্য দুটি মাধ্যম উল্লেখ করা হয়েছে:
১. অফিসিয়াল ওয়েবসাইট: indianvisaonline.gov.in/earrival
২. মোবাইল অ্যাপ: Indian Visa SuSwagatam
প্রয়োজনীয় তথ্য
ডিজিটাল কার্ড পূরণের সময় ভ্রমণকারীদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে হবে:
পাসপোর্ট ও ভিসার বিবরণ
ফ্লাইট ও যাত্রার বিস্তারিত তথ্য
ভারতে অবস্থানের ঠিকানা
জরুরি যোগাযোগের নম্বর
প্রয়োজনে স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণা
তবে এই প্রক্রিয়ায় কোনো অতিরিক্ত নথি আপলোড করতে হবে না।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইমিগ্রেশনের দীর্ঘ লাইনে অপেক্ষা এবং কাগজে শর্ত পূরণের ঝামেলা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ডিজিটাল কার্ড চালু হলে ভ্রমণকারীরা আগেভাগেই তাদের তথ্য জমা দিতে পারবেন এবং বিমানবন্দরে পৌঁছে ঝামেলা ও সময় নষ্ট করা ছাড়াই দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে ভারত যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও তাইওয়ানের মতো দেশগুলোর কাতারে যুক্ত হলো, যেখানে ইতোমধ্যে কাগুজে আগমন কার্ড বাতিল করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এতে দক্ষতা বৃদ্ধি ও যাত্রীসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।


























