বড়লেখা থানার ওসি মাহবুব ও এসআই সুব্রত বিশেষ পুরষ্কারে ভূষিত
- আপডেট সময় : ০৬:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 248
সম্প্রতি কয়েকটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে বিশেষ সাফল্য দেখানোর জন্য মৌলভীবাজার জেলা পুলিশ প্রশাসন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা এবং উপ-পরিদর্শক (এসআই) সুব্রত চন্দ্র দাসকে পুরস্কৃত করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম (সেবা) তাদের হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ জুলাই বড়লেখা উপজেলার শিমুলিয়া গ্রামে আতাউর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, দুই ভরি ওজনের একটি রূপার চেইন এবং স্মার্ট কার্ড ছিনতাই হয়। এই ঘটনায় ভুক্তভোগী বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর ওসি মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ দ্রুততম সময়ে ছিনতাইয়ের রহস্য উদঘাটন করে। অভিযানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত চন্দ্র দাসসহ পুলিশের একটি দল আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ছিনতাই হওয়া নগদ ৯৯,৫০০ টাকা, স্যামসাং মোবাইল ফোন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো দা, একটি এপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল এবং হেলমেট উদ্ধার করা হয়।
এই সফল অভিযানসহ আরও কয়েকটি মামলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় ওসি মাহবুবুর রহমান ও এসআই সুব্রত চন্দ্র দাসকে জেলা পুলিশের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।

























