সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম
- আপডেট সময় : ১১:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 229
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এ তথ্য প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিলেটে সাদাপাথর লুট ও চুরির ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটে জেলা প্রশাসক পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে।
২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।
অন্যদিকে সিলেটের ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ম্যাজিস্ট্রেট সারওয়ারকে উপসচিব পদে পদোন্নতি দেয়নি সাবেক আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি উপসচিব পদে পদোন্নতি পান।
২০২১ সালে পদোন্নতিবঞ্চিত হওয়ার পরে ক্ষোভ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন সারওয়ার আলম। ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা উল্লেখ করে ২০২২ সালের মে মাসে সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে লঘুদণ্ড হিসেবে তিরস্কার করা হয়।
লঘুদণ্ডের প্রজ্ঞাপনে বলা হয়, ২০২১ সালের ৮ মার্চ সারওয়ার আলম নিজের ফেসবুক আইডিতে ‘চাকরিজীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন, তাঁদের বেশির ভাগ চাকরিজীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়’ বলে মন্তব্য করেন।

























