তোমাদেরকে ট্রেলার দেখিয়েছি, এখনো পুরোটাই বাকি আছে
বড়লেখায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১২:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 116
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও অপপ্রচারের উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় রোববার (২০ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগীসংগঠন।
পৌর শহরের উত্তর চৌমুহনীতে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। পরে উত্তর চৌমুহনী গোল চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন যুবদলের আহ্বায়ক এসএম শরিফুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ তথা বাংলাদেশের প্রাণ তারেক রহমান এবং যুবদলকে নিয়ে এই বড়লেখায় একটি গুপ্ত সংগঠনের বিপথগামী কয়েকজন নেতাকর্মী কটুক্তি করেছে। আমি সেই সকল গুপ্ত সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে বলতে চাই, আজকের বড়লেখার রাজপথ দেখে যদি সজাগ না হও তাহলে এটা তোমাদেরকে ট্রেলার দেখিয়েছি, এখনও পুরোটাই বাকি রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উড়ে এসে জুড়ে বসে নাই।
তারা আরও বলেন, আমরা রাজপথে লড়াই সংগ্রামে ছিলাম এবং এখনো আছি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে পিছানোর জন্য আজকে গুটি কয়েক দল উঠে পড়ে লেগেছে। এই ষড়যন্ত্র শক্ত হাতে দমন করব। এই সরকারের উদ্দেশ্যে বলেন, দেশে আইন-শৃঙ্খলা অবনতির দায় এই সরকারকে নিতে হবে। আমরা বিগত দিনে লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ ছিলাম এখনো থাকব।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, জাসাস ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।




















