পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে বড়লেখার হাজীগঞ্জ গরু-ছাগলের হাট
- আপডেট সময় : ০৪:০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 260
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ গরু-ছাগলের হাট। কোরবানির ঈদে আর মাত্র দুই এক সপ্তাহ বাকি থাকায় জমজমাট হয়ে উঠেছে পশুর হাট। হাটে ক্রেতা-বিক্রেতার ভিড় এখন চোখে পড়ার মতো।
শুক্রবার (২৩ মে) হাট ঘুরে দেখা যায়, কোরবানির উদ্দেশ্যে স্থানীয় খামারি ও কৃষকরা তাদের লালন-পালন করা গরু, ছাগল, মহিষ ও ভেড়া নিয়ে হাজির হয়েছেন হাটে। বড়লেখা ছাড়াও পার্শ্ববর্তী জুড়ী, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকেও ক্রেতারা এসেছেন পছন্দের কোরবানির পশু কিনতে।
হাটে ভিড় থাকলেও এখনও পশু কেনাবেচা তেমন জমে ওঠেনি। অনেক ক্রেতাই বিভিন্ন স্টল ঘুরে গরু-ছাগল দেখে নিচ্ছেন, কেউ আবার দরদাম করছেন। ব্যবসায়ীরা বলছেন, এখনো পশু কম উঠেছে, তবে সামনের সপ্তাহগুলোতে সরবরাহ বাড়বে এবং তখন বেচাকেনাও চাঙা হবে।
এ বছর হাট ব্যবস্থাপনায় এসেছে কিছু পরিবর্তন। হাটে বড় গরু বিক্রির রসিদ ফি বিগত বছরগুলোতে যেখানে ৫ হাজার টাকা ছিল, সেখানে এবার তা কমিয়ে আনা হয়েছে মাত্র ১ হাজার টাকায়। এতে খুশি ক্রেতা ও বিক্রেতারা। হাটের দায়িত্বশীলদের এ সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন তারা।
একজন ব্যবসায়ী বলেন, “এবার হাটে ছোট-বড় নানা প্রজাতির গরু-ছাগল এসেছে। দাম তুলনামূলক কিছুটা বেশি হলেও ক্রেতার উপস্থিতি ভালো। আশা করছি, গতবারের চেয়ে এবার ভালো বেচাকেনা হবে।”
ঐতিহ্যবাহী এই হাটকে ঘিরে এলাকায় ইতোমধ্যেই ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে। পশু বেচাকেনার পাশাপাশি মানুষের মুখে হাসিও দেখা যাচ্ছে—যেন ঈদের আনন্দ আগেভাগেই শুরু হয়ে গেছে।
























