এগারো বছরে তিন হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে চার লাখেরও বেশি বই বিতরণ করেছে বিকাশ
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি শুরু
- আপডেট সময় : ০৫:২৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 176
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
দেশজুড়ে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের বই পড়া কর্মসূচি এ বছর আবার শুরু করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।
এ বছর এ কর্মসূচির আওতায় ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণের পরিকল্পনার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।
এ বছর বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রোববার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মিলনায়তনে এ অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেইরার সভাপতিত্বে এসময় বিকাশ এর চিফ এক্সর্টানাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, গত ১১ বছরে তিন হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে চার লাখেরও বেশি বই বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “আমাদের মধ্যে তারাই বড় হবে যাদের মধ্যে গড়পড়তা মানুষের চাইতে একটু বেশি, সুন্দর ও মহৎ কিছু থাকবে। এগুলো শুধু পাঠ্যবই মুখস্ত করে আসবে না, বরং পাঠ্যবইয়ের বাইরের বইও পড়তে হবে। সেটা হতে পারে গল্পের বই, আনন্দের বই, স্বপ্নের বই, মূল্যবোধের বই।
“বিকাশ-এর কাছে আমরা কৃতজ্ঞ এই জন্য যে বিকাশ তোমাদের বিকশিত হওয়ার জন্য এইসব বই আমাদের দেয়।”
বিকাশ এর চিফ এক্সর্টানাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মনিরুল ইসলাম বলেন, “সারাদেশের বিভিন্ন স্কুলের লাইব্রেরিতে বই পাঠানোর মাধ্যমে বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকিত মানুষ গড়ে তোলার সাথে বিকাশ ১১ বছর ধরে সম্পৃক্ত। এই আলোকিত মানুষ গড়ার সমষ্টিগত কাজে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।”
বই পড়া কার্যক্রমকে আরও জনপ্রিয় করতে ষষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৪০ জন কুইজ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।























